উজিরপুরের হারতা বাজারের মৎস্য আড়তে ডাকাতির ঘটনায় ঘটনাস্থল সংলগ্ন পুলিশ ফাঁড়ির ৯ পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং ফাঁড়ির ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান।
তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে হারতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাফফরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ওই ফাঁড়িতে দায়িত্বরত ৯ পুলিশ সদস্যকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে।
ফাঁড়িটি রেঞ্জ রিজার্ভ ফোর্সের আওয়াতাধীন ছিল বলে জানিয়েছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হারতা বাজারে বোমা এবং ককটেল ফাটিয়ে ২৯টি মৎস্য আড়তে লুটতরাজ চালায় ১৩/১৪ জনের একটি ডাকাত দল। এ সময় তারা কোটি টাকা লুট করে বলে জানায় স্থানীয়রা। ডাকাতদের হামলায় মাছ বাজার সমিতির সভাপতি সোহরাব বেপারী (৬৫) মারা যান। আহত হয় ১৫ ব্যবসায়ী। ডাকাতদের গ্রেফতারের জন্য উজিরপুর ও পাশ্ববর্তী থানা পুলিশ অভিযান শুরু করেছে।
ইত্তেফাক/এএন
