৯০ বছরেও রুনির ভাগ্যে জোটেনি বয়স্ক কিংবা বিধবা ভাতা!

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ০১:৩২

৯০ বছর বয়স হলেও এখন পর্যন্ত চৌগাছা উপজেলার রুনি বিবির ভাগ্যে জোটেনি বয়স্ক কিংবা বিধবা ভাতা।

 
৩৫ বছর আগে বিধবা হয়েছেন রুনি বিবি। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। অনেক কষ্ট করে চলাফেরা করতে হয়। চালিকাশক্তি হাতের একমাত্র লাঠি। এক সময় স্বামী-সন্তান সবই ছিল তার। কালের ধারায় চলে গেছে এ জগত্ ছেড়ে সবাই। আপন বলতে আজ কেউ নেই তার এ পৃথিবীতে। রুনি বিবি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের মৃত মকবুল হেসেনের স্ত্রী। বর্তমানে থাকেন ওই ইউনিয়নের পেটভরা আবাসন প্রকল্পের ২নং ব্যারাকের ৫নং রুমে। যেখানে অনাহার-অর্ধাহারে জীবন কাটছে তার। স্থানীয় বসতি কিংবা আবাসনের কেউ যদি দয়া করে দু’মুঠো ভাত দেয় সে দিন পেটের ক্ষুধা মেটে। অন্যথায় অনাহারে কেটে যায় রাত-দিন।
 
রুনি বিবি বিধবা, বয়স্ক কিংবা ১০ টাকা চালের কার্ড না পওয়ার কারণ জিজ্ঞাসা করলে পেটভরা গ্রামের ইউপি সদস্য মোস্তাক আলী জানান, আমি নতুন মেম্বার হয়েছি। তবে উনি সম্ভবত আমার ওয়ার্ডের না। যদি আমার ওয়ার্ডের হন তাহলে আগামীতে সুযোগ আসলে এ ধরনের বয়স্ক নারী-পুরুষসহ রুনি বিবিদের বয়স্ক ভাতার কার্ড করা হবে।
 
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুল জানান, স্ব স্ব ওয়ার্ড মেম্বারের দেওয়া তথ্যের ভিত্তিতে সুবিধা বঞ্চিত মানুষেরা সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকে। বিষয়টি আমি জেনেছি। আগামীতে নতুন কার্ড দেওয়ার সুযোগ আসলে অগ্রাধিকার ভিত্তিতে রুনি বিবির বয়স্ক অথবা বিধবা ভাতার কার্ড করা হবে।
 
ইত্তেফাক/এএন