নাৎসি বাহিনীর অভিবাদনের চিহ্ন দেখিয়ে ট্রাম্পের নির্বাচনে জয় উদযাপন করায় 'অলট-রাইট' সমর্থনদের নিন্দা করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার এই সমর্থকদের আচরণে দুঃখ প্রকাশ করে বলেন, আমি তাদের আচরণের নিন্দা জানাচ্ছি। আমি তাদের এমন আচরণকে অস্বীকৃতি জানাই এবং নিন্দা জানাই।
নিউ ইয়র্ক টাইমসে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন এ সময় তিনি আরো বলেন, আমি নব্য নাৎসি গোষ্ঠী, শ্বেত জাতীয়তাবাদী বা ইহুদি বিরোধী কোন গোষ্ঠীকে শক্তিশালী করতে চাই না।
অলট-রাইট সমর্থকের শনিবার ওয়াশিংটন ডিসিতে একটি ভিডিও রেকর্ড করে যেখানে তারা 'হেইল ট্রাম্প' বলে চিৎকার করছিল। সেই ভিডিওতে অলট-রাইট আন্দোলনের এক নেতা রিচার্ড স্পেনসার সেখানে থাকা সদস্যদের উদ্দেশ্য করে বলেন, শ্বেতাঙ্গদের জন্যই আমেরিকা। এ সময় শ্বেতাঙ্গদের ' সূর্য সন্তান' (চাইল্ড অব সান) বলে আখ্যায়িত করেন তিনি।
তাদের এই আন্দোলনের সমালোচনা কারীদের সম্পর্কে তিনি বলেন, পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো সবচাইতে ঘৃণ্য প্রাণী তারা। এরপর তিনি চিৎকার দিয়ে ওঠেন, 'হেইল ট্রাম্প, হেইল আওয়ার পিওপাল, হেইল ভিক্টরি।' (হেইল ট্রাম্পের, হেইল আমাদের জনগণের, হেইল বিজয়ের)।
১৯৩০ সালে জার্মানের নাৎসি পার্টি হেইল শব্দটির ব্যবহার করে পার্টি ও নেতার প্রতি তাদের আনুগত্য প্রকাশ করতে। তেমনি ট্রাম্পের প্রতি নিজেদের আনুগত্য প্রকাশে এই স্লোগানটি ব্যবহার করে 'অলট-রাইট' আন্দোলনকারীরা। এ সময় সবাই নাৎসিদের মত স্যালুট দিয়ে অভিবাদন জানায়। আর এ বিষয়ে জানতে চাইলে দুঃখ প্রকাশ করেন ট্রাম্প।
অলট-রাইট আন্দোলনকারীরা অত্যন্ত উগ্রবাদী হিসেবে পরিচিত। তারা শ্বেতাঙ্গ পন্থি এবং ঘোর মুসলিম বিরোধী। বিবিসি।
ইত্তেফাক/আরএ
