চলে গেছেন ভারতীয় সঙ্গীত লিজেন্ড বালামুরালি কৃষ্ণ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১১:৪৭
ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এম. বালামুরালি কৃষ্ণ মারা গেছেন। গতকাল ২২ নভেম্বর, মঙ্গলবার চেন্নাইয়ের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। 
 
প্রখ্যাত সঙ্গীত শিল্পী হিসেবে পরিচয় ছাড়াও তার আরেকটি বিশেষ পরিচিতি ছিল তিনি দক্ষিণ ভারতীয় অঞ্চলের শ্রেষ্ঠ কর্ণাটক সঙ্গীত শিল্পী হিসেবে সম্মান পেয়েছেন। সমান পারদর্শিতা দেখিয়েছেন ক্লাসিক্যাল মিউজিকেও।
 
বালামুরালি কৃষ্ণ দক্ষিণ ভারতের বিভিন্ন চলচ্চিত্রের জন্য বহু গান লিখেছেন, গেয়েছেনও। এর অনেকগুলোই ব্যাপক জনপ্রিয়তা পায়। সুরেলা কণ্ঠের অধিকারী বালামুরালি বেহালা ও মৃদঙ্গমসহ বহু বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন। 
 
সারাবিশ্বে তিনি প্রায় ১৮ হাজার কনসার্ট করেছেন। তিনি মাতৃভাষা ছাড়াও কানাড়া, সংস্কৃত, তামিল, মালয়ালাম, হিন্দি, বাংলা ও পাঞ্জাবী ভাষায় গান গেয়েছেন। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ ও পদ্মশ্রী পদকে ভূষিত হন। 
 
তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বালামুরালি কৃষ্ণের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন অসংখ্য ভক্ত-শ্রোতা। বিবিসি। 
 
ইত্তেফাক/এমএআর