গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গ্রাম্য দলাদলি ও পূর্ব শত্রুতার জের ধরে চুন্নু মুন্সী (৪৭) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তার দুই চোখও উৎপাটন করে প্রতিপক্ষরা।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বামনডাঙ্গা বাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় চুন্নু মুন্সীকে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা আরো অবনতি হলে বুধবার তাকে ঢাকা চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ওয়াসিম, সারেজান ও শিশু কন্যা ডালিয়া হত্যাকাণ্ড নিয়ে এলাকায় দলাদলি ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে প্রতিপক্ষ আওলাদ শেখ ও জিমফু এবং তাদের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে চুন্নু মুন্সীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নিকটস্থ খেয়াঘাট এলাকায় ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। এবং দুই চোখ উৎপাটন করে।
সিন্দিয়াঘাট নৌ-পুলিশ ফাড়িঁর আইসি জালাল উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ইত্তেফাক/এএসএমইউ
