লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনার ভাঙনরোধে রামগতি মাছঘাট ও আলেকজান্ডার এলাকায় সিসি ব্লকবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম।
সেনাবাহিনী ও নৌবাহিনীর তত্ত্বাবধানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মেঘনা নদীর তীর সংরক্ষণের জন্য ঐ এলাকায় ২০০ কোটি টাকা ব্যয়ে ব্লকবাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে করে এসে রামগতি আহমদিয়া কলেজ মাঠে অবতরণ করেন আনিসুল ইসলাম মাহমুদ ও নজরুল ইসলাম। এসময় পানি সম্পদ মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমদ খান, স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন।
এছাড়াও কমলনগরের মাতাব্বরহাট এলাকায় বাস্তবায়নাধীন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বিকাল তিনটায় কমলনগরের হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তাদের বক্তব্য দেয়ার কথা রয়েছে।
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় ৩৭ কিলোমিটার এলাকায় মেঘনা নদীর অব্যাহত ভাঙন প্রতিরোধের জন্য ২০১৪ সালের আগস্ট মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। ঐ প্রকল্পের প্রথম পর্যায়ে ১৯৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ বরাদ্দ দিয়ে রামগতি উপজেলা সদর চর আলেকজান্ডার এলাকায় সাড়ে তিন কিলোমিটার, রামগতিহাট মাছঘাট এলাকায় এক কিলোমিটার ও কমলনগরের মাতাব্বরহাট এলাকায় এক কিলোমিটার নদীর তীরে সিসি ব্লকবাঁধের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সেনাবাহিনীর ১৯ ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধানে চর আলেকজান্ডারে এবং নৌ বাহিনীর নারায়নগঞ্জ ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং লিঃ এর তত্ত্বাবধানে রামগতি মাছঘাট ও মাতাব্বরহাট এলাকায় প্রকল্পের কাজ চলছে।
ইত্তেফাক/এএসএস
