নওগাঁর নিয়ামতপুরে অস্ত্রসহ আতাউর রহমান (২১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে উপজেলার মাস্তানের মোড় থেকে তাকে আটক করা হয়। আতাউর রহমান জেলার মান্দা উপজেলার কালিকাপুর গ্রামের মো. সাইফুদ্দিনের ছেলে।
সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, জেলার পোরশা-সাপাহারের ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে অস্ত্রের চালান আসছেন। এমন তথ্যের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলার মাস্তানের মোড় অবস্থান নেয় পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানকার একটি চায়ের দোকান থেকে আতাউর রহমান আটক করা হয়।
পরে তার শরীর তল্লাশি করে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সহকারি পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুর রাজ্জাক আরো জানান, আতাউর রহমান প্রায় দুই বছর ধরে অস্ত্র ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে অন্য কোনো থানায় মামলা আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/কেকে
