ভারতে বন্দুকযুদ্ধে ৬ মাওবাদী নিহত

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৮:৩১
ভারতের পূর্বাঞ্চলের এক বনভূমিতে বুধবার পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ছয় মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। এদের কাছে অনেক ভারী অস্ত্র ছিল বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
 
পুলিশ জানায়, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি লাতেহার এলাকায় বুধবার পুলিশের তল্লাশি চলাকালে হামলার শিকার হওয়ার পর তারাও গুলি চালায়। পুলিশ সুপারিন্টেনডেন্ট অনুপ বার্থারে বলেন, ‘ওই এলাকায় ঘন বনভূমি রয়েছে। গত ১৫ বছর বা তার অনেক বেশী সময় ধরেই এটি মাওবাদী বিদ্রোহীদের একটি ঘাঁটি হিসেবে পরিচিত।’ তিনি বলেন, ‘সেখানে প্রায় ৪৫-৫০ মিনিট ধরে বন্দুকযুদ্ধ চলে। পরে আমরা ঘটনাস্থল থেকে ছয় মাওবাদী বিদ্রোহীর লাশ উদ্ধার করেছি। তারা সকলে তাদের কালো রংয়ের সেনা ইউনিফর্ম পরা ছিল।’
 
তিনি আরো বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে ছয়টি শক্তিশালী আগ্নেয়াস্ত্র ও প্রায় ৫শ’ গুলি উদ্ধার করেছি।’ মাওবাদী বিদ্রোহীরা সরকার উৎখাতে দশকের পর দশক ধরে যুদ্ধ করে আসলেও ২০১৪ সালের নির্বাচনে ডানপন্থী প্রধানমন্ত্রী হিসেবে মোদী দায়িত্ব নেয়ার পর থেকেই এ সংঘাতের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়। অক্টোবর মাসে ভারতীয় পুলিশের এক অভিযানে ২৪ বিদ্রোহী নিহত হয়। স্থানীয়ভাবে তারা নকশাল নামে পরিচিত। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ