বদির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি গ্রহণ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৮:৩৪
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের সাংসদ আব্দুর রহমান বদিকে খালাসের আদেশের বিরুদ্ধে দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।
 
বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের এ কথা বলেন।
 
এর আগে গত বৃহস্পতিবার অবৈধ সম্পদ অর্জনের মামলায় নিম্ন আদালতের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ২ নভেম্বর বদিকে তিন বছরের কারাদণ্ড ও দশ লাখ টাকা জরিমানার আদেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৩।
 
এছাড়া জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। ঐদিন অবৈধ সম্পদ অর্জন মামলায় বদিকে খালাস দেয়া হয়। গত ১৬ নভেম্বর উচ্চ আদালতের আদেশে এ মামলায় জামিন পায় বদি।
 
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান ২০১৪ সালের ২১ আগস্ট ঢাকার রমনা থানায় এমপি বদির বিরুদ্ধে এই মামলা করেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস