ভালুকা উপজেলার পল্লিতে খুনের বিচার দাবিতে বুধবার বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়ার কালিরচালা এলাকার মৃত আব্দুস সামাদ ফকিরের ছেলে আবুল হাসেমের খণ্ডিত লাশ পাঁচদিন আগে উদ্ধার করা হলেও এখন পর্যন্ত রহস্য ও খুনিদের আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওইদিন সকালে দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ সাইফুল ইসলাম, ইউপি সদস্য আসাদুজ্জামান দুদু, স্থানীয় বাসিন্দা আ. আউয়াল, হারুন অর রশিদ, বাবুল, ফারুক হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আবুল হাশেমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার তার খণ্ডিত লাশ স্থানীয় একটি পোল্ট্রি খামারের লিটারের গর্ত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্ত্রী ও মেয়েকে আটক করা হলেও এখন পর্যন্ত মৃত্যুর রহস্য উদঘাটন ও লাশের খণ্ডিত অংশ হাত, পা ও মাথা উদ্ধার হয়নি।
ইত্তেফাক/এএন
