ভাসানী কন্যা আনোয়ারা আর নেই

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ০৯:০৬
 
মরহুম মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কন্যা ও সাবেক এমপি মরহুম চৌধুরী মোতাহার হোসেনের সহধর্মিণী বেগম আনোয়ারা খানম ভাসানী আর নেই। রাজধানীর মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বুধবার তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ২ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
 
তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মামুন স্টালিনের মা।
 
এদিকে বেগম আনোয়ারা খানম ভাসানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আনোয়ারা খানম ভাসানীর মৃত্যুতে ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সংগঠনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। 
 
আজ সকাল ১১টায় শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হবে।