খুলনা মহানগরীর সঙ্গে দিঘলিয়া উপজেলায় যোগাযোগ স্থাপনের জন্য ভৈবর নদের উপর সেতু নির্মাণ এবং খুলনার সঙ্গে কয়রা-পাইকগাছা উপজেলার দূরত্ব কমাতে নগরীর গল্লামারী থেকে দেলুটি দারুল মল্লিক পর্যন্ত সেমি হাইওয়ে নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে খুলনা উন্নয়ন ফোরাম। পাশাপাশি দারুল মল্লিকে ফেরি স্থাপন ও বটিয়াঘাটা উপজেলার বারোয়াড়ীয়া খেয়াঘাট থেকে দেলুটি ও ফুলবাড়ী পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ করার দাবি জানানো হয়।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক নাজমুল আহসানের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারপারসন শরীফ শফিকুল হামিদ চন্দন জেলা প্রশাসকের হাতে স্মারকলিপিটি তুলে দেন।
এ সময় সংগঠনের মহাসচিব এম এ কাশেম, অধ্যাপক আবুল কাশেম, শাহরিয়ার নাজিম, শেখ আবু আসলাম বাবু, অধ্যাপক মোশারেফ হোসেন, আয়েশা বেগম মালা, নাজমুন নাহার পারুল, পারভীন নাহার পারুল, আসমা আক্তার চম্পা ও হেলেনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ
