দুবলার চরে আগুনে দোকান ভস্মিভূত

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৪:৫৫
 
সুন্দরবনের দুবলার চরে আগুনে একটি দোকান ভস্মিভূত হয়েছে। এতে নয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুবলার চরের অফিসকিল্লায় দীর্ঘদিন ধরে মুদির দোকান চালাচ্ছিলেন পিরোজপুরের তুষখালীর আবুল হোসেন। প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ভোর রাতে চরের জেলেরা ঐ দোকানে আগুন জ্বলতে দেখে। বনরক্ষীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে আবুল হোসেন ব্যর্থ হন।
 
দোকানি আবুল হোসেন জানান, দোকানে নগদ এক লাখ ১০ হাজার টাকা এবং সাড়ে আট লাখ টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় মালামাল ছিল। জেলেদের বিড়ি সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে ।
 
জেলে পল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ হালিম মোবাইল ফোনে জানান, দোকানি আবুল হোসেন অনেক বছর ধরে দুবলার চরে দোকানদারীসহ চরের মসজিদে ইমামতির কাজ করছিলেন।