সালমান শাহ’র বাড়িতে শুটিং: ডাহা মিথ্যা বললেন তার মা

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৫:৪২
জনপ্রিয় অভিনেতা সালমান শাহের সিলেটের বাড়িতে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‌‘ধ্যাৎতেরিকি’র শুটিং করা হবে, বিভিন্ন মিডিয়া প্রকাশিত এমন খবরে চমকে গেছেন অকালপ্রয়াত এই সুপারস্টারের মা নীলা চৌধুরী!
 
আর সঙ্গে সঙ্গে সাফ ‘না’ জানিয়ে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার বিকেলে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, প্রিয় দেশবাসী ও সালমান শাহের ভক্তরা, আমি জেনেছি যে সালমান শাহের বাড়িতে ছবির শুটিং হবে। এটা ডাহা মিথ্যে কথা। আমার বাড়িতে কখনো কোনো শুটিং হতে পারে না, হবে না।’
 
বেশ ক্ষোভ নিয়েই তিনি আরো বলেন, ফিল্মের লোকেরা সালমান শাহকে আর কতো ব্যবহার করতে চাও!  সাবধান করে দিচ্ছি এসব স্বপ্ন দেখা বন্ধ করো।
 
উল্লেখ্য, ‘বসগিরি’ খ্যাত নির্মাতা শামিম আহমেদ রনি সালমান শাহ’র বাড়িতে তার নতুন সিনেমা ‘ধ্যাৎতেরিকি’র শ্যুটিং করছেন বলে জানিয়েছিলেন। যেখানে অভিনয় করছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। এমনকি সিলেটে এরইমধ্যে শ্যুটিং টিম অবস্থান করছে বলেও খবর প্রকাশিত হয়েছিল। 
 
ইত্তেফাক/এমএআর