ডিগ্রি (পাস) পরীক্ষার ফরম পূরণের টাকা কমাতে রাজি না হওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা গফরগাঁও সরকারি কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় এক ছাত্রী ও চতুর্থ শ্রেণির একজন কর্মচারী আহত হয় এবং দুই শিক্ষক লাঞ্চিত হয়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, সেশন ফি ও বকেয়া মাসিক বেতন বাদ দিয়ে ডিগ্রি (পাস) ২য় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য ছাত্রলীগের নেতৃবৃন্দ কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানান। কিন্ত সেই দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী কলেজ ক্যাম্পাসে মিছিল বের করে এবং এক পর্যায়ে কলেজ অধ্যক্ষের কার্যালয়, অনার্স ভবন, ক্যাশ কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলায় সময় এইচএসসি নির্বাচনী পরীক্ষার্থী স্মৃতি আক্তার, মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী হামিদা আহত হয় এবং কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক হাবিবুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজি জাকিয়া ফৈরদৌসিকে ছাত্রলীগ নেতাকর্মীরা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। খবর পেয়ে থানা পুলিশ কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আমির হোসেন বলেন, বকেয়া বেতন ও সেশন ফি বাদ দিয়ে ফরম পূরণের কোন সুযোগ নেই। তাদের অযোক্তিক দাবি মেনে না হওয়ায় তার কলেজের প্রশাসনিক ও অনার্স ভবনে হামলা, ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে।
এদিকে এ ঘটনার বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকাল ৩টায় কলেজের শিক্ষক পরিষদ এক জরুরি সভা করেন। এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
