দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৫ শতাংশ। একই সময় ২.৫ জি ও ৩ জি নেটওয়ার্ক বিস্তারে অপারেটরটি ব্যয় করেছে ২৯০ কোটি টাকা।
তৃতীয় প্রান্তিকের অর্থনৈতিক ফলাফল জানিয়ে বৃহস্পতিবার রবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবসার প্রসারের কারণে রাজস্ব বৃদ্ধি পেলেও বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধনের বাইরে থাকা সিম বন্ধ করে দেয়ায় গ্রাহক সংখ্যা কিছুটা কমে ২ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে।
তৃতীয় প্রান্তিকের ব্যবসায়িক ফলাফল: বায়োমেট্রিক নিবন্ধনহীন সিম বন্ধ করে দেয়ায় রবি’র গ্রাহক সংখ্যা কমে ২ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে। ইন্টারনেট ব্যবসার প্রসারের ফলে পূর্ববর্তী প্রান্তিক থেকে এ প্রান্তিকে রাজস্ব ১১ দশমিক ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। মোবাইল ফোন সেবা থেকে লক্ষণীয় রাজস্ব বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনা কর্মসূচি গ্রহণের ফলে পূর্ববর্তী প্রান্তিক থেকে এ প্রান্তিকে পরিচালন মুনাফা (ইবিআইটিডিএ) বৃদ্ধি পেয়ে (১২ দশমিক ১ শতাংশের বেশি) ৪৫০ কোটি টাকায় পৌঁছেছে। চট্টগ্রাম ও কুমিল্লা এলাকায় নেটওয়ার্ক আধুনিকায়নের ফলে সম্পদের অপচয় বৃদ্ধি পাওয়ায় ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফার (পিএটি) পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৭৬ লাখ টাকায়। এ প্রান্তিকে দেশজুড়ে ২.৫জি/৩.৫জি নেটওয়ার্ক বিস্তৃতিতে মূলধনী বিনিয়োগ ২৯০ কোটি টাকা। রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ৩৫০ কোটি টাকা; যা তৃতীয় প্রান্তিকের মোট রাজস্বের ২৫ দশমিক ৩ শতাংশ।
ইত্তেফাক/এসএস
