আবরারকে চাপা দেওয়া সেই বাসের চালক-সহকারি গ্রেফতার

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৪:১১

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহন বাসের চালক (যিনি বাসের কন্ডাক্টর)  ও চালকের সহকারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চাঁদপুর ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
গ্রেফতাররা হলেন, চালক মো. ইয়াছিন আরাফাত ও সহকারি মো. ইব্রাহিম।

বুধবার বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে এ তথ্য জানান ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।

আরও পড়ুন: যুদ্ধাপরাধ: নেত্রকোণার পাঁচ আসামির রায় বৃহস্পতিবার

প্রেস ব্রিফিংয়ে এ জানানো হয়, গত ১৯ মার্চ ২০১৯ ঢাকা সুপ্রভাত পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫ বাসটি বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর শিক্ষার্থী আবরার আহমেদকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনা সংক্রান্তে গুলশান থানায় মামলা রুজু হয়।

উক্ত বাসের ড্রাইভার সিরাজুল ইসলামকে আটক করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৯ মার্চ ভোরে ভিক্টোরিয়া পার্ক হতে ছেড়ে আসা সুপ্রভাত পরিবহনটির ড্রাইভার সিরাজুল ইসলাম গুলশান থানাধীন শাহাজাদপুর বাঁশতলা অতিক্রম করার সময় মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সিনথীয়া সুলতানা মুক্তাকে চাপা দিয়ে গুরুত্বর জখম করে। উক্ত ঘটনায় সুপ্রভাত পরিবহনের যাত্রীরা ড্রাইভার সিরাজুলকে আটক করে ট্রাফিক পুলিশে হস্তান্তর করে। পরবর্তী সময়ে উপস্থিত জনতা বাসের ক্ষতি সাধন করতে পারে বিধায় বাসের কন্ডাক্টর মো. ইয়াছিন আরাফাত বাস মালিকের নির্দেশে দ্রুত ঘটনাস্থল হতে বাস চালিয়ে পালিয়ে যাওয়ার সময় নর্দ্দায় বিইউপির ছাত্র আবরারকে বাস চাপা দিয়ে হত্যা করে।

প্রাথমিকভাবে বাসচালক সিরাজ বাস চালিয়ে দুর্ঘটনা সংঘটনের কথা স্বীকার করায় পুলিশ ধারনা করেছিল সেই আবরারকে হত্যা করেছে। সেকারণে পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে আনে। ইতোমধ্যে মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তভার ডিবির নিকট ন্যস্ত হয়।  

কোনধরনের ড্রাইভিং লাইসেন্স/পারমিট না থাকা সত্ত্বেও বাস মালিক ননী গোপাল সরকারের নির্দেশনায় টিকেট চেকার/কন্ডাক্টর ইয়াছিন বেপরোয়া গতিতে বাসটি চালিয়ে দুর্ঘটনার মাধ্যমে আবরারকে হত্যা করে। হত্যার করার পরে সে বাসটিকে ফেলে দিয়ে আত্মগোপন করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি (উত্তর) এর ক্যান্টনমেন্ট জোনাল টিম চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন একটি ইটের ভাটায় ইয়াসিনের অবস্থান সনাক্ত করে সেখান থেকে তাকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মধ্যবাড্ডা এলাকা থেকে সুপ্রভাত বাসের সহকারি ইব্রাহিমকে আজ সকাল সাড়ে ৬টায় গ্রেফতার করে ডিবি উত্তরের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

আবরার আহমেদ চৌধুরী বাসচাপায় নিহত হওয়ার পর রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষুব্ধে ফেটে পড়েন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

ইত্তেফাক/এমআরএম