জনতাই আমার সেনাবাহিনী : আইভী

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৭:৫৯
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জের লাখো মানুষই আমার সেনাবাহিনী। গতবার সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচন হয়েছিল। এবার সাধারণ মানুষ তার অধিকার থেকেই সেনাবাহিনীর ভূমিকা পালন করবে। 
 
বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের উপসচিব ও রিটানিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদারের কাছে  মনোনয়নপত্র দাখিল করার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। 
 
আইভী বলেন, গত নির্বাচনে আমি কোন আচরণবিধি লঙ্ঘন করি নাই। এবারের নির্বাচনেও আমি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবো না। আগামী ২২ ডিসেম্বরের নির্বাচনে মানুষ নৌকার পক্ষে রায় দিবে বলেই আমার প্রত্যাশা। 
 
তিনি আরো বলেন, গত ৫ বছরে নগরীর উন্নয়নে ৬শ কোটি টাকার কাজ করেছি। আমার বিশ্বাস আমার কাজের মূল্যায়ন করে জনগণ আমাকে নির্বাচিত করবে। আওয়ামী লীগে সকলেই আমরা ঐক্যবদ্ধ। আমার নির্বাচনী প্রচারণাও চলবে আওয়ামী লীগ কার্যালয় থেকে।  
 
ইত্তেফাক/ইউবি