পুঁজিবাজারে গত কয়েকদিন ধরেই সার্বিক মূল্য সূচক বাড়ছে। লেনদেনও হচ্ছে পাঁচশ থেকে ছয়শ কোটি টাকা। কখনো তারও বেশি। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক গত প্রায় সাড়ে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। গত আট কর্মদিবস ধরে ডিএসইর সার্বিক মূল্য সূচক বাড়ছে। এ সময়ে ডিএসইএক্স বেড়েছে ১৪৭ পয়েন্ট। আর বৃহস্পতিবার বেড়েছে ২৫ পয়েন্ট। এতে ডিএসইএক্স ৪ হাজার ৭৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত সাড়ে ১৩ মাস বা ২০১৫ সালের ৮ অক্টোবরের মধ্যে সর্বোচ্চ।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে জুন ক্লোজিং হিসেবে অনেক কোম্পানির লভ্যাংশ সম্প্রতি ঘোষণা করা হয়েছে। এতে কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। ফলে বেড়েছে লেনদেন ও সূচক।
তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যার পরিমাণ আগেরদিন ছিল ১ হাজার ৪৭৮ কোটি ১৮ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডরিন পাওয়ার জেনারেশনের শেয়ার। এদিন কোম্পানিটির ২৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকোর শেয়ারে। কোম্পানিটিতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। আর তৃতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সট ফ্যাশনের শেয়ারে লেনদেন হয়েছে ১৮ কোটি ১৬ লাখ টাকা। লেনদেনে এরপর রয়েছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সিটি ব্যাংক, কাশেম ড্রাইসেল, পেনিনসুলা চিটাগাং, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিং।
এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬১ পয়েন্টে। আর সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যার পরিমাণ আগেরদিন ছিল ৪৮ কোটি ৬১ লাখ টাকা।
ইত্তেফাক/এমআই
