দুদকের এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সম্পদের হিসাব দেওয়ার জন্য এক ব্যবসায়ীকে তিনবার নোটিশ দিয়েছিলেন।
এ প্রসঙ্গে আপিল বিভাগ বলেছে, সম্পদের হিসাবের জন্য কোন নাগরিককে বারবার নোটিশ দেওয়া যাবে না। এ ধরনের নোটিশ দেওয়ার ক্ষেত্রে দুদককে সতর্কও করে দেয়া হয়েছে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার এই আদেশ দেন। এছাড়া বারবার নোটিশ দেওয়ার বিষয়টি বৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছিল তাও বাতিল করে দিয়েছে আপিল বিভাগ।
সম্পদের হিসাব বিবরণীর তথ্য চেয়ে তৈরি পোশাক শিল্প ব্যবসায়ী বনানীর মো. আশরাফুল হককে ২০১০ সালের ১৯ অক্টোবর নোটিশ দেয় দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা আনোয়ারুল হক। এরপর সম্পদের হিসাব দাখিল করেন ওই ব্যবসায়ী। এরপর ওই ব্যবসায়ীকে ২০১১ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় দফা এবং ৭ আগস্ট তৃতীয় দফায় নোটিশ দেয়া হয়। তৃতীয় দফার নোটিশে বলা হয়, অভিযোগের ব্যাপারে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ড ও কাগজপত্র পর্যালোচনা করা প্রয়োজন। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১২ সালে হাইকোর্টে রিট আবেদন করেন আশরাফুল হক। ২০১৩ সালের ১৩ জুন হাইকোর্ট এ আবেদন খারিজ করে দেয়। এই খারিজের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন ওই ব্যবসায়ী।
বৃহস্পতিবার আবেদনের পক্ষে আইনজীবী এএম আমিনউদ্দিন এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই
