জেলা পরিষদ নির্বাচনে কাউখালীতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ২০:১৩
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাউখালী উপজেলা থেকে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। 
 
এই নির্বাচন নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে তেমন কোনো  তোড়জোড় না থাকলেও জনপ্রতিনিধিদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা। সম্ভাব্য প্রার্থীরা জনপ্রতিনিধিদের সমর্থন পেয়ে মরিয়া হয়ে উঠেছেন। তারা নীতি-নির্ধারকদের কাছে ধর্ণা দিচ্ছেন। পাশাপাশি নিজের পক্ষে ভোট আনার জন্য জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন। 
 
জেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের কাউখালী উপজেলার ৫টি ইউনিয়ন এবং ভাণ্ডারিয়া উপজেলার একটি ইউনিয়ন নিয়ে ৮ ও ৯ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে। এর মধ্যে ৮ নম্বর ওয়ার্ড (চিরাপারা-পারসাতুরিয়া, শিয়ালকাঠী. ভিটাবাড়িয়া)। 
 
৯ নম্বর ওয়ার্ডে রয়েছে (কাউখালী সদর, আমরাজুড়ি, সয়না রঘুনাথপুর ইউনিয়ন) ভোটার সংখ্যা ৭১ জন। ৮ নম্বর  ও ৯ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। আওয়ামী লীগ ও জাতীয়পাটি (জেপি) থেকে দলীয় প্রার্থী হওয়ার জন্য অনেকেই দলের নীতি নির্ধারক ও ভোটারদের কাছে ধর্ণা দেয়া শুরু করেছেন। 
 
জানা গেছে, জেলা পরিষদের ৮নং ওয়ার্ড থেকে সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন, শিয়ালকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান, জাতীয় যুব সংহতির (জেপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভিটাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  জেপি নেতা মশিউর রহমান মৃধা। 
 
৯ নম্বর ওয়ার্ড থেকে সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের জাহাঙ্গীর হোসেন, কাজী রফিকুল ইসলাম, জাতীয় পার্টির ( জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু।
 
 
ইত্তেফাক/ইউবি