ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ৫শ ও ১ হাজার রুপির নোট বাতিলের বিষয়কে সার্বিক বিবেচনায় ম্যানেজমেন্টের একটা বড় ধরনের ব্যর্থতা বলে অভিহিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। গতকাল পার্লামেন্টে এ নিয়ে উত্থাপিত বিতর্কের এক পর্যায়ে এ কথা বলেন তিনি।
মনমোহন সিং বলেন, আমি নীতিগতভাবে এর উদ্দেশ্য নিয়ে একমত পোষণ করলেও এটা ছিল পুরোপুরি অব্যবস্থাপনায় ভরা। তিনি বলেন, যেভাবে হঠাত্ করে এটা করা হয়েছে তাকে আমি ম্যানেজমেন্টের ব্যর্থতা বলেই অভিহিত করবো। রাজ্যসভায় মুক্ত বিতর্কে মনমোহন সিং বলেন, সরকারের আকস্মিক এ সিদ্ধান্তে আমি ভাবতে পারছি না এর নেতিবাচক ফল কোথায় গিয়ে দাঁড়াবে। কেননা এটি শুধু কৃষি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই ক্ষতিগ্রস্ত করবে না বরং এর ফলে মোট দেশজ উত্পাদন ২ শতাংশ কমে আসবে। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে এ বিষয়গুলো অবশ্যই তাদের বিবেচনায় আনা উচিত ছিল।
পার্লামেন্টের শীতকালীন অধিবেশন গত সপ্তাহে শুরু হয়। সেসময় বিরোধী দল সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে বলে, সরকার নগদ অর্থের যে সংকট পড়তে পারে সে বিষয়ে কোনো চিন্তাই তারা করেনি। সরকারের তরফ থেকে এর ব্যাখ্যা দিয়ে বলা হয়, নোট নিষিদ্ধ ঘোষণার পর থেকে ব্যাংকে ৮৮ বিলিয়ন ডলার পুরাতন নোট জমা পড়েছে। নতুন ৫শ এবং ২ হাজার রুপি নোট প্রতিদিনই ব্যাংকে যাচ্ছে।
ইত্তেফাক/এএন
