আসন্ন জেলা পরিষদ নির্বাচনে খসড়া ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করার দাবি জানিয়েছেন পঞ্চগড় জেলার তিন উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১০৪ চেয়ারম্যান ও সদস্যরা। চুড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আবেদন করেছেন নবনির্বাচিতরা।
জানা গেছে, নির্বাচন কমিশন আসন্ন জেলা পরিষদ নির্বাচনের জন্য ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় নবনির্বাচিত পঞ্চগড় জেলার হাড়িভাসা, হাফিজাবাদ, বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ, বড়শশী, ময়দানদিঘী, মাড়েয়া বামনহাট এবং দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ও টেপ্রিগঞ্জ ইউনিয়নের ৮ চেয়ারম্যান, ২৪ সংরক্ষিত সদস্য ও ৭২ সাধারণ সদস্যের নাম নেই। শপথ গ্রহণ সম্পন্ন না হওয়ায় নির্বাচন কমিশন এসব ইউনিয়নে পূর্বে নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের খসড়া ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত আবেদনে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর দেশের অন্যান্য ইউনিয়ন পরিষদের মত পঞ্চগড় জেলার সদর, বোদা ও দেবীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১২ নভেম্বর পঞ্চগড় সদর উপজেলা ও দেবীগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের নামে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু বোদা উপজেলার ৪ টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের নামে এখনও গেজেট প্রকাশিত হয়নি। গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ না হওয়ায় তারা দায়িত্বও পাননি এবং খসড়া ভোটার তালিকায় নামও অর্ন্তভুক্ত করা হয়নি।
নবনির্বাচিত জনপ্রতিনিধিরা মনোনয়নপত্র দাখিলের আগেই (আগামী ১ ডিসেম্বর) তাদের শপথ গ্রহণ এবং ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করার দাবি জানিয়েছেন।
জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল মোস্তাহারুল হাসান নয়ন জানান, আশা করি নির্বাচন কমিশন নির্বাচিত জনপ্রতিনিধিদের নামে গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করবেন এবং আসন্ন জেলা পরিষদ নির্বাচনের ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করার ব্যবস্থা নেবেন।
পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সারোয়ার জাহান জানান, গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ হয়নি। এ কারণে এসব ইউনিয়নে পূর্বে নির্বাচিত চেয়ারম্যান সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যের খসড়া ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করা হয়েছে। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কারা ভোটার হবেন তা নির্বাচন কমিশন চুড়ান্ত করবেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল জানান, ভোটার তালিকা প্রনয়ণ নির্বাচন কমিশনের কাজ। এ নিয়ে আমার কোন বলার নেই। জেলা পরিষদ নির্বাচনে কারা ভোটার হবেন আর কারা হবেন না তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবেন।
উল্লেখ্য, জেলা নির্বাচন অফিস থেকে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য হিসেবে অলিয়ার রহামানের নাম তালিকাভূক্ত হয়েছে। অথচ তিনি প্রায় দুই বছর আগে মৃত্যুবরণ করেন। ওই ওয়ার্ডের উপ নির্বাচনে আব্দুল হালিম নামের এক ব্যক্তি সদস্য নির্বাচিত হন। খসড়া ভোটার তালিকায় আব্দুল হালিমের নামও অর্ন্তভুক্ত হয়নি।
ইত্তেফাক/এএন
