ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশের পর শিশুসহ ৩৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে বেনাপোল আমড়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন- ১১ জন নারী, ১৮ জন পুরুষ ও পাঁচজন শিশু। তাদের বাড়ি সাতক্ষীরা, পিরোজপুর ও পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে একদল নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করেছেন- এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে ৩৪ নারী-পুরুষ ও শিশুকে আটক করেন। আটককৃতদের বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, আটককৃতরা পুলিশের হেফাজতে রয়েছেন। শুক্রবার দুপুরে তাদের থানা হাজত থেকে যশোর আদালতে পাঠানো হবে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/কেকে
