কুমিল্লায় ফেনসিডিলসহ আটক ২

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৩:৩০
 
কুমিল্লায় এক হাজার বোতল ফেনসিডিলসহ বাবুল মিয়া ও লিটন মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে তাদের আটক করে।
 
জানা যায়, মাদকের একটি বড় চালান যাচ্ছে- এমন খবর পেয়ে জেলা ডিবি পুলিশের এসআই মো. শাহ্ কামাল আকন্দ পিপিএম ও এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় অভিযান চালায়। এসময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে পাঁচটি প্লাস্টিকের বস্তায় ভর্তি এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 
 
একই সঙ্গে জেলার চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের কাসেম আলীর ছেলে বাবুল মিয়া (৩৮) ও নোয়াখালীর চাটখিল উপজেলার পাওরা গ্রামের আবুল কাসেমের ছেলে লিটন মিয়াকে (৩৬) আটক করা হয়। 
 
ডিবির এসআই মো. শাহ্ কামাল আকন্দ পিপিএম জানান, এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
 
ইত্তেফাক/কেকে