নোয়াখালীতে এক শিক্ষিকাকে শ্লীলতাহানীর অভিযোগে সিএনজি অটোরিকশা চালক দেলোয়ার হোসেন ও তার সহকারী আবদুস ছাত্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার নোয়ান্নয়ই এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, সদর উপজেলার খলিশাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা বৃহস্পতিবার সকালে স্কুলে যাবার জন্য জেলা শহর থেকে অপর যাত্রীদের সাথে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠেন। পথে অন্য যাত্রীরা নেমে গেলে চালক দেলোয়ার হোসেন শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় শিক্ষিকা চিৎকার শুরু করলে তারা দ্রুত স্থান ত্যাগ করে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে রাতে পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা চালক ও তার সহকারীকে গ্রেফতার করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
ইত্তেফাক/এমআই
