ঈশ্বরদীতে 'বন্দুকযুদ্ধে' নিহতের সংখ্যা বেড়ে ৪

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৭:৩৮
ঈশ্বরদীর আইকে রোডের চরমিরকামারী এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)  সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আরও এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মোট চারজন নিহত হলেন। এর আগে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে এক নিহত হন। 
 
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয় বাদশা রাইস মিলে ডাকাতির প্রস্তুতির সময় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে আরও চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয় একটি হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার বাচ্চু মিয়া (৩০), পঞ্চগড় জেলার মেহেদী হাসান (২৭) ও চাঁদপুর জেলার মো. হানিফ (২৮)। নিহত অন্যজনের এবং আহতদের পরিচয় জানা যায়নি। 
 
র‌্যাব-১২ এর পাবনা ক্যাম্পের কমান্ডার বীণা রানি দাস ইত্তেফাককে এই ঘটনা নিশ্চিত করেন। বীণা রানি দাস জানান, ঈশ্বরদী উপজেলার বড়ইচারা এলাকার বাদশা রাইস এজেন্সি নামের একটি চালকলে রাতে তিনটি ট্রাক নিয়ে ৩০-৩৫ জনের ডাকাত দল তিনটি দলে বিভক্ত হয়ে লুটপাট চালাচ্ছিল। 
 
খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছায়। ওই সময় ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান দু'জন। গুলিবিদ্ধ হন আরও পাঁচজন।
 
ইত্তেফাক/এসএস