আরো ৫৬ বস্তা ধান বুঝিয়ে দেয়া হলো সাঁওতালদের

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ২১:১৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠিকে দ্বিতীয় দিন শুক্রবার ৭ একর জমির ধান কেটে মাড়াইয়ের পর ৫৬ বস্তা বুঝিয়ে দিয়েছে রংপুর চিনিকল কর্তৃপক্ষ। এছাড়া আরো দুই একর জমির ধান কেটে মাঠেই রাখা হয়েছে। মাড়াই না হওয়ায় তা বুঝে দিতে পারেনি। 
 
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও চিনিকলের ১০০ শ্রমিক-কর্মচারী স্বেচ্ছাশ্রমে এই ধান কাটেন। 
 
গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের রোপন করা ধান চিনিকল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে কেটে সাঁওতালদের বুঝে দেয়া শুরু করেছে। বৃহস্পতিবার প্রায় আড়াই একর জমির ধান কেটে মাড়াইয়ের পর সন্ধ্যায় ২৬ বস্তা সাঁওতাল জনগোষ্ঠিকে বুঝে দেন মিল কর্তৃপক্ষ। 
 
শুক্রবারও সকালে ধান কাটা সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান, জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ও রাফিউল আলম, গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, বাংলাদেশ চিনি খাদ্য শিল্প সংস্থার প্রতিনিধিসহ চিনিকলের কর্মকর্তা-কর্মচারিরা।
 
ইত্তেফাক/ইউবি