ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত শাহ আলম (২২) উপজেলার রসুলপুর বাজারের ক্ষুদ্র হোটেল ব্যবসায়ী এবং ওই গ্রামের হাসেম আলীর ছেলে।
শুক্রবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযুক্তরা কৌশলে হাসেমের লাশ হাসপাতাল থেকে বাড়ি এনে দাফনের চেষ্টা চালাচ্ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রাতেই জেলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে শুক্রবার রাতে মামলা করেছেন ।
মামলা সূত্রে জানা গেছে, শাহ আলম তার সৎভাইদের কাছ থেকে এক হাজার টাকা ধার নেয় । বৃহস্পতিবার রসুলপুর বাজারে ওই টাকা ফেরৎ চাইলে তার সঙ্গে ওই ভাইদের বাক্বিতণ্ডা হয় । একপর্যায়ে সৎভাই , সৎমা ও বাবা মিলে তাকে মারপিট করে। পরে হামলাকারীরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে ।
ইত্তেফাক/এএসএমইউ
