বাগেরহাটে জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১২:৪০
 
বাগেরহাটের রামপালে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার মো. আসাদুজ্জামান (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার ভোরে রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
মো. আসাদুজ্জামান বর্তমানে রামপাল উপজেলা জামায়াতের সদস্য ও শ্রমিক ফেডারেশনের সভাপতি। এর আগে তিনি ইসলামী ছাত্র শিবিরের উপজেলার সভাপতি ছিলেন।
 
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, গত ১৪ অক্টোবর রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামে জামায়াত নেতা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ১৫/২০ জন নেতাকর্মী এলাকায় নাশকতা চালানোর জন্য বৈঠক করছিল। ঐ সময়ে পুলিশ অভিযান গেলে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে দুইজনকে বিস্ফোরকদ্রব্যসহ হাতে-নাতে গ্রেফতার করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে রামপাল থানায় মো. আসাদুজ্জামানসহ ১৪ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে। এরপর মো. আসাদুজ্জামান এলাকা ছেড়ে আত্মগোপনে যান। আসাদুজ্জামান বাড়িতে ফেরার খবর পেয়ে পুলিশ শনিবার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
তিনি আরো জানান, আসাদুজ্জামানের বিরুদ্ধে আরো একটি মামলা রয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
ইত্তেফাক/এএসএস