গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলেমাতুন শাহী বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা ছিলেন।
শনিবার সকালে শহরের বোয়ালিয়া মোড়ে নিজ ঘরের সিলিং ফানের সঙ্গে ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী শাহজাহান আলী পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানায়, স্বামী-স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরে দাস্পত্য কলহ চলে আসছিল। এর জের ধরে স্বামী শাহজাহান তার দুই সন্তান নিয়ে গ্রামের বাড়ি উপজেলার চানপাড়ায় চলে যায়।
স্থানীয়রা বলছে, রাতে শাহজাহান আলীকে আবারো বোয়ালিয়ার বাসায় দেখা গেছে। এবং ধারণা করা হচ্ছে, সে-ই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অপরাধীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বোয়ালিয়া মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/এএসএমইউ
