বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর কুতুবপুর ঘাট এলাকায় জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির শুশুক (ফ্রেস ওয়াটার ডলফিন)।
শনিবার দুপুর ১টার দিকে ধুনট পৌর বাজারের মাছের আড়ৎদার রবিন হাওয়ালদার এ তথ্য নিশ্চিত করেন।
রবিন হাওয়ালদার জানান, শুক্রবার দিবাগত রাতে যমুনা নদীতে মাছ শিকারে যান সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা গ্রামের রহিম উদ্দিন। বিভিন্ন জাতের মাছে সঙ্গে শনিবার সকালে রহিমের জালে ধরা পড়ে ৩ মন ওজনের শুশুক। জালে ধরা পড়া শুশুকটি দেখে প্রথমে ভয় পেলেও কৌশলে জাল টেনে হেচড়ে নৌকায় তোলেন রহিম ও তার সহযোগীরা। শনিবার সকালে ভ্যানে তুলে শুশুকটি ধুনট পৌর বাজারে বিক্রির জন্য আনেন রহিম উদ্দিন। তিনি ৫ হাজার টাকা দাম চাইলেও দর কষাকষির এক পর্যায়ে গোসাইবাড়ি গ্রামের ছোবাহান চৌধুরী নামে এক কবিরাজ শুশুকটি ৩ হাজার টাকায় কিনে নেন।
ছোবাহান চৌধুরী বলেন, শুশুকের তেলে ওষুধি গুণ রয়েছে। তাই তেল তৈরির জন্য এই শুশুকটি ৩ হাজার টাকায় কিনে নিয়েছি। শুশুকের তেল গরু, মহিষ কিংবা মানুষের শরীরে আঘাত জনিত ব্যথা নাশকের জন্য ব্যবহার করা হয়।
ধুনট উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, শুশুক (ফ্রেস ওয়াটার ডলফিন) এক ধরনের জলজপ্রাণি। এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই শুশুক ধরা বা মারা সরকারিভাবে নিষেধ রয়েছে। তবে, এ বিষয়টি দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের।
ইত্তেফাক/ইউবি
