এএইচএফ কাপ হকির ফাইনালে উঠে গেল বাংলাদেশ। শনিবার হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে প্রাক স্থান নির্বাচনীর শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা লড়াইয়ের শেষ ধাপে উঠে গেল জিমি-চয়নরা।
এই টুর্নামেন্টে টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পথে শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা অথবা স্বাগতিক হংকং।
এদিন মিলনের ফিল্ড গোলে ১-০ তে লিড পায় লাল-সবুজের হকি দল। ২৯ মিনিটে ফিল্ড গোল থেকে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোমান সরকার। পিছিয়ে পড়ে প্রথমার্ধেই খেলায় ফিরতে চেয়েছে সিঙ্গাপুর। কিন্তু জিমিদের গড়া রক্ষণে তাদের প্রতিটি আক্রমণ ব্যহত হলে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে পিছিয়ে থেকেই যেতে হয় বিরতিতে।
বিরতির পরে যেন আরও ক্ষুরধার বাংলাদেশ। ৩৭ মিনিটে সিঙ্গাপুর সীমানায় আঘাত হেনে দলকে ৩-০এর ব্যবধান এনে দেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।
৪৮ মিনিটে চয়ন পেনাল্টি কর্নার থেকে সিঙ্গাপুর বক্সে বল ঠেলে দলীয় ব্যবধান ৪-০ তে এনে দিলে ম্যাচ থেকেই ছিটকে যায় সিঙ্গাপুর। ৫০ মিনিটে পুষ্কর মিমো, ৫৫ মিনিটে কৃষ্ণ কুমার এবং ৬৬ ও ৬৯ মিনিটে আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নারের গোলে ৮-০ এর বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ইত্তেফাক/এমএইচ
