শহীদ ডা. মিলন দিবস, যুবলীগের পুষ্পস্তবক অর্পণ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৪:৩৩
আজ রবিবার শহীদ ডা. শামছুল আলম খান মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্নিঝরা উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের লেলিয়ে দেয়া গুপ্ত ঘাতক বাহিনীর গুলিতে নির্মমভাবে তিনি নিহত হন। শহীদ ডা. মিলনের রক্তের সিঁড়ি বেয়ে স্বৈরাচারবিরোধী গণআন্দোলন বেগবান হয় এবং মর্মান্তিক এ ঘটনার মাত্র ১০ দিনের মাথায় ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরশাসকের পতন হয়। দেশ যাত্রা শুরু করে গণতান্ত্রিক ধারায়।
 
ডা. মিলন ছিলেন সামরিক স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের একজন দক্ষ সংগঠক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিক্যাল কলেজের একজন শিক্ষক। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডা. মিলনের কবরে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে।
 
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী, আব্দুস সাত্তার মাসুদ, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলম, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, শ্যামল কুমার রায়, রফিকুল ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার হোসেন মনা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ