বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে সম্পর্কটা বেশ উপভোগ করছেন এবং ভবিষ্যতেও এই ক্লাবের সঙ্গেই থাকার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন জার্মান জায়ান্ট ক্লাবটির গ্যাবনিজ ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং।
আফ্রিকান বর্ষসেরা এই খেলোয়াড়ের সঙ্গে বরুশিয়ার চুক্তি আগামী ২০২০ সালের জুলাই পর্যন্ত নবায়নের আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গেও তার আলোচনার গুজব রয়েছে। তবে রিয়ালে যাবার ব্যাপারে ২৭ বছর বয়সী অবামেয়াং নিজেও কিছুটা আগ্রহ দেখিয়েছিলেন বলে জানা গেছে।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ফরোয়ার্ড। শনিবার ডার ক্লাসিকারে চির প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোলও করেছেন। এই নিয়ে ১০টি বুন্দেসলিগা ম্যাচে তার গোলসংখ্যা ১২টি। ঘরের মাঠ সিগন্যাল ইডুনা পার্কের সমর্থকরাও গ্যাবনিজ এই ফরোয়ার্ডকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত।
এ সম্পর্কে অবামেয়াং বলেছেন, 'বরুশিয়ার সমর্থকরা সত্যিই অসাধারণ। তাদের সামনে খেলার যে অনুভূতি তা ভাষায় প্রকাশ করা যায় না। যে পরিবেশ তৈরি করে এটা শুধুমাত্র ‘হলুদ দেয়াল’ এর কারণেই নয়, প্রতিটি ম্যাচে ২৫ হাজার সমর্থকের উপস্থিতি পুরো ৯০ মিনিটের চেহারাই পাল্টে দেয়। এই সব বিষয়গুলো ডর্টমুন্ডকে অন্য ক্লাবের তুলনায় আলাদা করে তুলেছে। আর এ সবকিছু ২০২০ পর্যন্ত আমার চুক্তি বৃদ্ধিতে অবদান রাখছে বলেই আমি মনে করি। এখানে আরো দীর্ঘদিন থাকার স্বপ্ন দেখি। একমাত্র সৃষ্টিকর্তাই ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারবেন।' বাসস।
ইত্তেফাক/আরএ
