কুড়িগ্রামের উলিপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল আজিজ নামে সাবেক এক সেনা সদস্য প্রতিপক্ষের লোকজনের মারপিটে নিহত হয়েছেন। তাদের হামলায় আহত একই পরিবারের আরো চারজন গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, রবিবার সকালে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মুন্সিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। এরা হলেন, পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে মোহাম্মদ আলী (৫৬), জহুরা বেগম (৪৫), মারুফা বেগম (৩৮), নুরানী বেগম (৪৫), আসমা বেগম (৫০) ও পারভীন বেগম (৩০)।
এদিকে এ ঘটনার পর এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে হত্যাকারীদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্যা আল সাইদ জানান, হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএসএমইউ
