গুগল ম্যাপে ট্রাম্প টাওয়ারের নাম 'ডাম্প টাওয়ার'

আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৪:৫০
গুগল ম্যাপে কিছু সময়ের জন্য ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল 'ট্রাম্প টাওয়ার'-এর নতুন নাম দেয়া হয়। ম্যাপটিতে ট্রাম্প টাওয়ার এর নতুন নাম দেয়া হয় 'ডাম্প টাওয়ার'। ডাম্প টাওয়ারের বাংলা অর্থ হলো অস্বস্তিকর ভবন।
 
ওয়াশিংটন পোস্টের খবরে প্রকাশ, শনিবার গুগলের ম্যাপিং সেবা ব্যবহারকারীরাই প্রথম ট্রাম্প টাওয়ারের নতুন নাম খেয়াল করেন। এর মধ্যে কেউ কেউ স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেন।
 
এ নিয়ে এখনো নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য পাওয়া যায়নি। তবে ট্রাম্প টাওয়ারকে 'ট্রান্সিশন হেডকোয়ার্টার' ব্যবহার করে থাকেন ট্রাম্প।
 
এ ব্যাপারে দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে গুগলের এক মুখপাত্র জানান, কোম্পানি ট্রাম্প টাওয়ারকে আগের নাম ফিরিয়ে দিয়েছে।
 
ওই মুখপাত্র আরও জানান, ব্যবহারকারীরা ম্যাপটিতে আপ-টু-ডেট রাখতে ভূমিকা রাখে। সেজন্য মাঝে মধ্যে কিছু ভুল হয়ে যায়।
 
ইত্তেফাক/এএম