রমনা থানায় ‘নারী ও শিশু সহায়তা কেন্দ্র’ চালু

আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৮:২৩
 
ঢাকা মহানগর পুলিশের থানাগুলোতে চালু হচ্ছে নারী ও শিশু সহায়তা কেন্দ্র। তাদের আইনি সহায়তা দিতেই থানায় থানায় আলাদাভাবে এ সেবা কেন্দ্র চালু হচ্ছে। রবিবার দুপুরে রমনা থানায় এ সেবা কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে এ নতুন উদ্যোগ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আর এ উদ্যোগকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠঅনের নারী অধ্যক্ষ, ছাত্রীসহ সবাই এ উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করে স্বাগত জানিয়েছেন।
 
ডিএমপির ডিসি মিডিয়ার মাসুদুর রহমান বলেন, আপাতত রমনা থানায় এটি চালু হলো। এরপর পুরো রমনা বিভাগে চালু করা হবে। এছাড়া ডিএমপির সব থানায় চালুর বিষয়টি সেবার সফলতা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
 
তিনি বলেন, অনেক সময় স্পর্শকাতর বিষয়ে নারী ও শিশুরা থানায় এসে ডিউটি অফিসারদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এছাড়া তারা থানায় সবার উপস্থিতিতে সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সেজন্য অন্যদের অজ্ঞাতে যাতে নারী ও শিশুরা পুলিশকে ‍নিজেদের সমস্যা জানিয়ে আইনি সহায়তা নিতে পারেন সেজন্যই মূলত এ উদ্যোগ।
 
ডিএমপির রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, নারী ও শিশুরা এখন নির্বিঘ্নে ও নির্ভয়ে লোকলজ্জার আড়ালে থেকে নিজেদের সমস্যা থানায় জানাতে পারবেন। কোনো সমস্যায় পড়লে আইনি সহায়তা নিতে পারবেন। পারবেন সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতেও। একাধিক নারী উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে এ সেবা কেন্দ্র সার্বক্ষণিক খোলা থাকবে।
 

ইত্তেফাক/এএম।