ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনে শীর্ষস্থান অধিকারী ১৩ জন শিক্ষার্থীকে এ বছর জুন মাসে ক্যামব্রিজ এক্সামিনেশন সিরিজে অসাধারণ নৈপুণ্যের জন্য পুরস্কৃত করা হয়েছে।
ক্যামব্রিজ আইজিসিএসই, ক্যামব্রিজ 'ও' লেভেল এবং ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস এবং 'এ' লেভেলে বিষয়গুলোর মধ্যে এ শিক্ষার্থীরা বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়েছে। এছাড়াও, দেশে ৩১ জন শিক্ষার্থী এসব বিষয়ে শীর্ষস্থান অধিকার করেছে।
সারাদেশ থেকে বিদ্যালয়ের শীর্ষ শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ রবিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত ক্যামব্রিজ আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডস এ এসব শিক্ষার্থীদের আউটস্ট্যান্ডিং ক্যামব্রিজ লার্নার সার্টিফিকেট প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মার্ক ক্লেটন, ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জিম স্কার্থ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামিনেশনস ডিরেক্টর দীপ অধিকারী, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনসের রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) রুচিরা ঘোষ, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনের বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ম্যানেজার সুজি চৌধুরী এবং ব্রিটিশ কাউন্সিলের অন্যান্য প্রতিনিধিগণ।
শীর্ষস্থান অর্জনকারী ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড বিজয়ী ১৩ জন শিক্ষার্থী বাংলাদেশের সাতটি বিদ্যালয় থেকে এসেছে। এ বছর তিনজন শিক্ষার্থী ক্যামব্রিজ 'ও' লেভেল পরীক্ষায় অ্যাডিশনাল ম্যাথমেটিকস বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়েছে এবং নয় জন শিক্ষার্থী ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেল ম্যাথমেটিকসে সর্বোচ্চ নাম্বার পেয়েছে।
ইত্তেফাক/এসএস
