চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ার ফরিয়াদিরকূল গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও রোগীদের যাতায়াতের জন্য নেই কোনো রাস্তা। জানা যায়, ২০১২ সালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিউনিটি ক্লিনিক প্রকল্পের আওতায় এটি নির্মিত হয়। এলাকার অরুণ বড়ুয়া এ ক্লিনিকের জন্য জমি দেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে প্রায় ২০ গজ দূরত্বে বিলে কমিউনিটি ক্লিনিকটি নির্মাণ করা হয়েছে। কিন্তু ক্লিনিকে যাতায়াতের জন্য কোনো রাস্তা নেই। একজন রোগী জানান, বর্তমান শুষ্ক মৌসুমে ক্লিনিকে যাতায়াতে তেমন কোনো অসুবিধা নেই। কিন্তু বর্ষাকালে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। এলাকার ইউপি সদস্য ও কমিউনিটি ক্লিনিকের সহ-সভাপতি শহীদুল ইসলাম জানান, এলাকার রোগীদের যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিজনূর রহমান জানান, ক্লিনিকে রোগীদের যাতায়াতের জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের লোহাগাড়ায় শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা মো: জুনায়েদ (২৮) নিহত হয়েছেন। উপজেলার আমিরাবাদস্থ চট্টগ্রাম-কক্সবাজার সড়কের বার আউলিয়া ডিগ্রি কলেজ গেট এলাকায় রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। তিনি সাতকানিয়া খোর্দ্দ কেওচিয়া নুন চৌধুরী বাড়ির মমতাজ চৌধুরীর পুত্র এবং বার আউলিয়া ডিগ্রী কলেজ মসজিদের সহকারী ইমাম।
জানা যায়, চট্টগ্রাম শহরমূখী জেবি পরিবহনের একটি বাস উল্লেখিত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে জুনায়েদকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএন
