রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগের দুটি মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আজ আদেশ দিবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ গতকাল রবিবার আদেশের জন্য এ দিন ধার্য করে দেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং মান্নার পক্ষে অ্যাডভোকেট মো. ইদ্রিসুর রহমান শুনানি করেন।
রাষ্ট্রদ্রোহ মামলায় গত ৩০ আগস্ট এবং সেনা বিদ্রোহের ষড়যন্ত্র ও উস্কানি দেওয়ার অভিযোগের মামলায় গত ১০ নভেম্বর মান্নাকে জামিন দেয় হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ওই জামিন আদেশ স্থগিত করে দেয়। রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে মান্নার বিরুদ্ধে মামলা করে পুলিশ। মান্না বর্তমানে কারাগারে রয়েছেন।
