শাকিবের ‘অহংকার’এ বুবলিই থাকছেন

আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১১:১৬
গেল ঈদে মুক্তি পাওয়া ‘বসগিরি’ ও ‘শুটার’ চলচ্চিত্রের সফলতার পর শাকিব খানের বিপরীতে শাহদাৎ হোসেন লিটন পরিচালিত নতুন সিনেমা ‘অহংকার’ নিয়ে অভিনেত্রী শবনম বুবলি আবারো আসছেন। গত ২৫ নভেম্বর চুক্তিবদ্ধ হলেন নতুন এ ছবির কাজ করতে।
 
এ মুহুর্তে ‘অহংকার’ নিয়েই বুবলির যত ব্যস্ততা। বুবলি জানিয়েছেন, সিনেমার চিত্রনাট্য পড়ে যতটুকু বুঝেছি, তা হলো ‘অহংকার’ পুরোপুরি দেশীয় গল্পের ছবি। শাকিব খান ছাড়াও অনেক বড় বড় অভিনয়শিল্পী আছেন এই সিনেমায়।
 
নায়িকা হিসেবে শুধু গ্ল্যামার প্রদর্শন নয়, অভিনয়েরও যথেষ্ট সুযোগ আছে। নিজেকে প্রমাণ করতে নতুন সিনেমাটিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান বুবলি।
 
শাকিবের সঙ্গে একের পর এক নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন- বিষয়টি নিয়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছেন বুবলি। জানালেন, শাকিবই অভিনয়ের ক্ষেত্রে পথ দেখান তাকে।
 
অপু বিশ্বাস নেই, শাকিবের সঙ্গী এখন বুবলি। পরপর কয়েকটি সিনেমায় নায়ক হিসেবে শাকিব খান। কারণ কী! প্রশ্নের উত্তরটা না হয় পরে এক সময় খুঁজে পাবেন পাঠক-দর্শকরা!
 
‘অহংকার’ সিনেমার নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ৮ জানুয়ারী এফডিসিতে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
 
ইত্তেফাক/এমএআর