২৮ নভেম্বর, সোমবার বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’র পঞ্চমদিন, অর্থাৎ শেষ দিন। উৎসবের আকর্ষণীয় মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয় সমাপনী এ দিনকে। দেশি কিংবা বিদেশি প্রখ্যাত সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও বাদকদের পরিবেশনা থাকছে।আয়োজনের সবচেয়ে বিশেষ আকর্ষণ পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশি শুনতে অনেকে ছুটে যাবেন উচ্চাঙ্গসংগীত মাঠে।
আয়োজন শুরু হবে সন্ধ্যা সাতটায়। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দলীয় কণ্ঠসংগীত। এ সময় তবলা বাজাবেন স্বরূপ হোসেন ও জাকির হোসেন। এরপর সন্তুর বাজাবেন পন্ডিত শিবকুমার শর্মা। তাকে তবলায় সঙ্গ দেবেন পন্ডিত যোগেশ শামসি। খেয়াল পরিবেশন করবেন কুমার মারদুর। তার সঙ্গে তবলায় থাকবেন আজিঙ্কা যোশি।
সেতারে সুর তুলবেন পন্ডিত কুশল দাস। তবলায় সঙ্গত করবেন পন্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। খেয়াল পরিবেশনের জন্য মঞ্চে আসবেন আরতী আঙ্কালিকার, তবলায় থাকবেন রোহিত মজুমদার।
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত আয়োজনের সবশেষে বাঁশি বাজাবেন পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। তাকে তবলায় সঙ্গ দেবেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ড. আনিসুজ্জামান। থাকবেন দুই সিটির মেয়র আনিসুল হক ও মোহাম্মদ সাঈদ খোকন।
ইত্তেফাক/এমএআর
