ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শিক্ষকসহ দুইজন নিহতের ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া এই ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে চার শতাধিক ব্যক্তিকে আসামি করে পুলিশের একটি মামলাও রয়েছে।
দুইটি তদন্ত কমিটির মধ্যে একটি গঠন করেছে জেলা প্রশাসন। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্য দিবসে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, রবিবার রাতে ফুলবাড়ীয়া থানার এস আই রফিকুল ইসলাম বাদি হয়ে একটি এবং নিহত পথচারী সফর আলীর ভাই হযরত আলী বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলার দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, পুলিশের মামলায় সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলায় অজ্ঞাত চার শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস
