ভারতের বিশ্বখ্যাত অরবিন্দ আই কেয়ার সিস্টেমের বিশেষজ্ঞরা চিকিৎসকরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটের সেবা ও ব্যবস্থাপনার আধুনিকায়নে সহায়তা করবে।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করতে এসে অরবিন্দ আই হসপিটালের চিকিৎসক প্রতিনিধিরা এ কথা জানান।
তারা বাংলাদেশের চক্ষু চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ব্যবস্থাপনার আধুনিকায়নে সফটওয়্যার স্থাপনসহ তথ্য প্রযুক্তির ব্যবহারেও সহযোগিতা করবেন।
অরবিন্দ আই কেয়ার সিস্টেম এর নির্বাহী পরিচালক ডা. তুলসীরাজ এবং চেয়ারম্যান ডা. রবিন্দ্রন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
এ সময় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বাসস।
ইত্তেফাক/এমআর/ইউবি
