আরামবাগকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সংহত করেছে ঢাকা আবাহনী লিমিটেড। সোমবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিজয়ী দলের পক্ষে দুটি গোলই করেছেন সানডে চিজোবা।
নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের নৈপুণ্যে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও আরামবাগ ক্রীড়া সংঘকে প্রথম পর্বের মতো ২-০ ব্যবধানে হারাতে সক্ষম হয় আবাহনী লিমিটেড।
এ জয়ের ফলে চারবারের চ্যাম্পিয়নরা ১৭ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানকে আরো সংহত করেছে। লীগে এটি ছিলো জর্জ কোটানের দলের ১১তম জয়। ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী। লীগে আরামবাগের সংগ্রহ ২১ পয়েন্ট।
সোমবার অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ নষ্ট হয় আবাহনীর। লি টাকের কর্নারের পর ভাসানির পায়ে লেগে বল ওপরে উঠে যায়। এ সময় গোলমুখে থাকা প্রাণতোষের হেডের বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়।
ম্যাচের ১৯তম মিনিটে গোলের দেখা পায় আবাহনী। তপু বর্মনের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ-দিক দিয়ে আক্রমণে ঢোকা হেমন্তের বুদ্ধিদ্বীপ্ত কাট ব্যাকে লিগের সর্বোচ্চ গোলদাতা সানডের জোরালো শট লক্ষ্য ভেদ করে (১-০)। শুরু থেকে আরামবাগকে কোণঠাসা করে রাখলেও ব্যবধান
বাড়াতে যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে আবাহনীকে। ৩৭তম মিনিট ইমন মাহমুদের বাড়ানো বলে সানডের শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। ৭১তম মিনিটে ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করেন চিজোবা। লি টাকের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে লিগে নিজের আঠারতম গোলটি করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড (২-০)।
ইত্তেফাক/এমএইচ
