হলে গিয়ে সিনেমা দেখার আগ্রহ তৈরি হয়নি দর্শকদের : মিলন

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৬:৩৩
অভিনেতা আনিসুর রহমান মিলন। ব্যস্ততা তার সবখানেই, কখনো চলচ্চিত্রের শ্যুটিংয়ে ঢাকার বাইরে, আবার কখনো নাটকের অভিনয়ে এপ্রান্তে ওপ্রান্তে দে দৌড়। সব মিলে ব্যস্ত অভিনেতা মিলন। ইত্তেফাক অনলাইনের সঙ্গে কথা হলো দীর্ঘক্ষণ, কী নিয়ে ব্যস্ততা, আগামী শিল্পাঙ্গন কিংবা দেশের চলচ্চিত্রের হাল নিয়েও নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন এই অভিনেতা।
 
তবে নাটকের বাইরে এখন তিনি পুরোদস্তুর ফিল্ম হিরো, কেন বলছি! হাতে ছয়-ছয়টা সিনেমার প্রিমিয়ার অপেক্ষা নিয়ে বসে আছেন, এদিকে আরো একটি নতুন সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ততা তার। 
 
মুক্তির অপেক্ষায় থাকা মিলনের ছয়টি সিনেমার মধ্যে রয়েছে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, যেখানে তার বিপরীতে দেখা যাবে অপু বিশ্বাসকে। সায়মন তারিকের ‘ক্রাইম রোড, এখানে মিলনের সঙ্গে অভিনয় করেছেন শায়লা সাবি। সাইফ চন্দনের ‘টার্গেট’এ মিলনের সঙ্গে অভিনয় করেছেন আইরিন।এছাড়া আনিসুর রহমান মিলনের ‘রাত্রির যাত্রী’ও মুক্তির অপেক্ষায় রয়েছে। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত 'রাত্রির যাত্রী'তে মিলনের সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।
IMG0
 
শাহ আলম মণ্ডলের ‘সাদাকালো প্রেম’এও অভিনয় করেছন মিলন, আর এখানে তার সঙ্গে হাজির হবেন নবাগত নায়িকা এমি। সবশেষ কাজ শুরু করলেন ‘স্বপ্নবাড়ি’ নামের একটি চলচ্চিত্রে। যেটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। আর অভিনেত্রী হিসেবে থাকছেন জাকিয়া বারী মম। 
 
এসব কাজ নিয়ে মিলন বলেন, ছয়টি চলচ্চিত্র এখন মুক্তি অপেক্ষায়। একেএকে সবগুলো দর্শকরা দেখতে পাবেন। আশা করছি সবার ভাল লাগবে। নতুন কাজের বিষয়ে তিনি আরো বলেন, স্বপ্নবাড়ির গল্পটা ভাল, পুরোপুরি হরর ধাঁচের না, আবার অন্যান্য গল্পের মতোও না। আর নির্মাতা অংশু খুব কাজ করে। ওর সঙ্গে কাজ করলে স্বস্তি পায়। স্বপ্নবাড়ির গল্প দর্শকদের ভাল লাগবে।
IMG1
 
কোনটিকে বেশি প্রাধান্য দিচ্ছেন! এমন প্রশ্নে মিলন বলেন, জাত অভিনেতা হিসেবে সব কাজই কাজ, সেটা নাটক হোক আর সিনেমা হোক। যেহেতু বেশ কয়েকটি চলচ্চিত্র হাতে রয়েছে, এজন্য এখন একটু টেলিভিশনে মনোযোগ দিয়েছি। তবে সব কাজই আমি এনজয় করি।
 
চলচ্চিত্র শিল্পের বিষয়েও কথা বললেন এই অভিনয় শিল্পী। কিছুটা পরিবর্তন এসেছে গেল দুই বছর ধরে। তবে চলচ্চিত্র দেখতে দর্শক তাগিদ এখনো তৈরি হয়নি। এটি তৈরি হতে আরো পাঁচ বছর লাগবে। 
 
সেক্ষেত্রে চলচ্চিত্রের সঙ্গেই সিনেমাহলগুলোর সংখ্যা এবং মান বাড়ানোর কথা বললেন অভিনেতা আনিসুর রহমান মিলন। 
 
ইত্তেফাক/এমএআর