নিজেদের টেস্ট ইতিহাসে ৩০ বছর পাকিস্তান বধ করতে পারেনি নিউজিল্যান্ড। এবার সেই জয়খরা কাটালো কিউইরা। মঙ্গলবার হ্যামিল্টন টেস্টে ১৩৮ রানে জিতে দুই ম্যাচ সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশই করল কিউইরা। শেষ দিনে বোলারদের দক্ষতায় জয় তুলে নেয় কেন উইলিয়ামসন বাহিনী।
এই সিরিজের আগে নিউজিল্যান্ড সর্বশেষ ১৯৮৫ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় পেয়েছিল। মাঝে ১২টি সিরিজ খেলা হলেও জয় পায়নি একটিতেও। সাতটি সিরিজে হারের পাশাপাশি বাকি পাঁচটিতে ড্র করেছিল তারা।
২য় ইনিংসে রস টেলরের সেঞ্চুরিই আসলে নিউজিল্যান্ডের জয়ের ভিত গড়ে দেয়। তার অপরাজিত ১০২ রানের উপর ভর করে পাকিস্তানকে ৩৬৮ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার সামি ইসলাম ও আজহার আলি। সামি করেন ৯১ ও আজহার আলি ৫৮। তাদের দৃঢ় ব্যাটিংয়ে জয়ের ক্ষীণ সম্ভাবনা দেখছিলো পাকিস্তান। কিন্তু তারা আউট হয়ে যাওয়ার পর জয়ের আশা ভেঙে যায় পাকবাহিনীর।
বড় স্কোর করতে পারেনি আর কেউই। ফলে মাত্র ২৩০ রানে থামে পাকিস্তানের ইনিংস। নিউজিল্যান্ড পায় ১৩৮ রানের জয়। ক্রিকইনফো
ইত্তেফাক/এমএইচ
