ফুলবাড়িয়া ডিগ্রী কলেজসহ উপজেলা সদরের জুড়বাড়িয়া থেকে ভালুকযান পর্যন্ত ১৪৪ ধারা জারি অব্যাহত রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে র্যাব-পুলিশ মোতায়েন রয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক আব্দুল মোতালেবসহ ৩ সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, ফুলবাড়িয়া উপজেলার পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি রয়েছে।
উল্লেখ্য, ফুলবাড়িয়া ডিগ্রী কলেজকে বাদ দিয়ে একই উপজেলার বেগম ফজিলাতুন্নেছা নন এমপিও ভুক্ত কলেজকে সরকারিকরণ করায় প্রায় দেড় মাস ধরে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। রবিবার পৃথক পৃথক ভাবে আন্দোলনকারীরা মিছিল করলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংর্ঘষ হয়। এতে কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলী নিহত হন।
ইত্তেফাক/এমআর/এমএইচ
