'আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসাবে গড়তে হবে নতুন প্রজন্মকে'

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৮:১৭
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জ্ঞান চর্চা, গবেষণা, নতুন জ্ঞান অনুসন্ধান করা ও নতুন জ্ঞান সৃষ্টি করা হলো বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র। নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসাবে গড়ে তুলতে হবে।
 
মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় দিবস ও শিক্ষা মেলা-২০১৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সুনামের দাবি রাখে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ঊর্ধ্বমুখী, তবে আরও উন্নয়নের জন্য নতুন জ্ঞান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাড়াতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহ দিতে হবে। শারীরিক ও মানসিক জ্ঞান বৃদ্ধির জন্য পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীদের নিজস্ব জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও গবেষণা তুলে ধরতে হবে এবং এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। তাদের  প্রযুক্তিগত জ্ঞানের চর্চা বাড়াতে হবে এবং  দেশের  উন্নয়নে গবেষণাকে কাজে লাগাতে হবে। যাতে জ্ঞানচর্চার ক্ষেত্রে দেশ শুধু প্রযুক্তির আমদানিকারক হিসাবে নয়, বরং প্রযুক্তির রপ্তানিকারক হতে পারে। খুলনা বিশ্ববিদ্যালয় মডেল হিসাবে একটি গ্রামকে উন্নত করতে গবেষণা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের গ্রামউন্নয়ন প্রকল্পের সাফল্য কামনা করেন এবং এর অভিজ্ঞতা সারাদেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
 
 
ইত্তেফাক/এমআই